“মানুষের পাশে দাঁড়ানো আমাদের রাজনীতির অন্যতম অঙ্গীকার”—এই প্রতিপাদ্যে ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম হিলালীর পক্ষ থেকে কেন্দুয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), নেত্রকোণা জেলা শাখার সার্বিক সহযোগিতায় কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় আনুষ্ঠানিকভাবে ক্যাম্পের উদ্বোধন ঘোষণা করেন ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডা. রফিকুল ইসলাম হিলালী।
মেডিসিন, চর্ম, অর্থোপেডিক্স, বক্ষব্যাধি, চক্ষু, শিশু ও গাইনি বিভাগসহ মোট ১৩ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।
ফ্রি চিকিৎসাসেবা পেয়ে রোগীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তারা বলেন, এমন মানবিক আয়োজনের জন্য ডা. রফিকুল ইসলাম হিলালীর জন্য দোয়া প্রার্থনা করছি। একই সঙ্গে এ সেবায় নিয়োজিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকা কেন্দুয়া পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ হিলালী ইমন বলেন, “আজ আমরা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত দরিদ্র ও অসহায় এক হাজার রোগীর চিকিৎসার লক্ষ্যে কাজ করছি। রোগীর সংখ্যা আরও বেশি হলেও সবাইকে সেবা দেওয়ার চেষ্টা করা হবে।”
তিনি আরও বলেন, “ধানের শীষের মনোনীত প্রার্থী ডা. রফিকুল ইসলাম হিলালীর উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিচ্ছি।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

