AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ উদ্ধার


Ekushey Sangbad
ফরিদপুর উপজেলা প্রতিনিধি, পাবনা
০১:২৫ পিএম, ১৮ জানুয়ারি, ২০২৬

হাত-পা বাঁধা স্কুলছাত্রীর লাশ উদ্ধার

‎পাবনার ফরিদপুর উপজেলায় নিখোঁজের পাঁচ দিন পর হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।

‎নিহত শিক্ষার্থীর নাম মোছা. সুরাইয়া খাতুন (১৩)। সে অষ্টম শ্রেণির ছাত্রী এবং ফরিদপুর উপজেলার বি.এল. বাড়ি ইউনিয়নের জন্তিহার গ্রামের মো. স্বপন খানের মেয়ে।

‎পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বিকেলে সুরাইয়া নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পাওয়ায় ১৬ জানুয়ারি (শুক্রবার) তার দাদা মো. আব্দুল জব্বার খান ফরিদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
‎জিডি করার দুই দিন পর, ১৮ জানুয়ারি (রবিবার) সকালে জন্তিহার ও পার্শ্ববর্তী বিলনলুয়া গ্রাম সংলগ্ন একটি বিল থেকে সুরাইয়ার লাশ উদ্ধার করা হয়। স্থানীয় কৃষকেরা জমিতে কাজ করতে গিয়ে পানিতে অর্ধনিমজ্জিত  অবস্থায় হাত-পা ও মুখ বাঁধা লাশটি দেখতে পেয়ে গ্রামবাসীকে খবর দেন। পরে স্বজনেরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন। পরবর্তীতে থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

‎পরিবার সূত্রে জানা যায় মেয়েটি মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিল। মেয়েটির বাবা বলেন, " আমার মেয়েটিকে হাত-পা বেঁধেছে, ওড়না দিয়ে মুখ বেধে মেরে ফেলছে। একটা গরুকে জবাই করলে কত কষ্ট পায়! আমার মেয়েটিকে এত কষ্ট দিয়ে মারল ভাই, আমার বুক থেকে আর কান্না আসতেছে না!"
‎এ বিষয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম আকনজি বলেন, "লাশটি হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।"
‎নাবালিকা শিক্ষার্থীর এমন মর্মান্তিক হত্যাকাণ্ডে গোটা এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!