ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই অভ্যুত্থানের অন্যতম নেতা শহীদ শরীফ ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমআ কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ প্রাঙ্গণ থেকে মার্চটি শুরু হয়। মিছিলটি সদর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনবহুল এলাকা প্রদক্ষিণ করে বিকেলে গুরুদয়াল সরকারি কলেজ মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
কর্মসূচিতে বিপুল সংখ্যক ছাত্র-জনতা অংশ নেন। কয়েকটি পিকআপ ভ্যান ও শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে তারা জেলার প্রধান সড়কসহ একাধিক উপজেলা প্রদক্ষিণ করেন। পুরো কর্মসূচিজুড়ে ‘খুনিদের বিচার চাই’, ‘ইনসাফ না হলে রাজপথ ছাড়বো না’সহ বিভিন্ন স্লোগান কিশোরগঞ্জ শহরকে উত্তাল করে তোলে।
দীর্ঘ পথ অতিক্রম করে মিছিলটি গুরুদয়াল সরকারি কলেজের মুক্তমঞ্চে এসে সমাবেশে রূপ নেয়। সমাবেশে বক্তারা শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে উল্লেখ করে অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা হুঁশিয়ারি দেন, দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও কঠোর ও বিস্তৃত করা হবে।
সমাবেশে বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মাসুদুর রাহমান আদনান, সদস্য নকিব নজরুল, সোহেল বেপারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক অভি চৌধুরী, ছাত্র নেতা আশিকুজ্জামান আশিক, আশরাফুল ইসলাম নাদিম, মাজহারুল ইসলামসহ আরও অনেকে।
কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে সংহতি প্রকাশ করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

