জামালপুরে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে শহরের কাচারীপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবার ও এলাকার সচেতন মহল এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে শাহ আলম বুদু লিখিত বক্তব্যে বলেন, বকশীগঞ্জ উপজেলার মাদারেরচর গ্রামে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত ৩৩ শতাংশ কৃষিজমির দখলকে কেন্দ্র করে তার ভাই আলী হোসেন, জহির, মোফাজ্জল, বাক্কার, সোনা মিয়া, কাইয়ুমসহ ২০–২৫ জনের একটি সঙ্গবদ্ধ দল দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে ক্ষতিসাধন ও তার ওপর হামলার পরিকল্পনা করে আসছে।
তিনি বলেন, গত ৩ নভেম্বর তার ৩৩ শতাংশ আখ ক্ষেতে হামলা চালিয়ে আখ কেটে নিয়ে যায়। ঘটনার পরদিন ৪ নভেম্বর তিনি থানায় একটি মামলা দায়ের করেন। এরপর ১ ডিসেম্বর আবারও তার জমি থেকে ধান, মরিচ ও আখ কেটে নেওয়া হলে তিনি থানায় আরও একটি মামলা দায়ের করেন।
শাহ আলম বুদু আরও অভিযোগ করেন, তিনি প্রতিবাদ করতে গেলে আলী হোসেনের নেতৃত্বাধীন গ্রুপ দেশীয় অস্ত্র নিয়ে তাকে হত্যা করে লাশ গুম করার হুমকি দেয়। এ অবস্থায় তিনি আলী হোসেন ও তার সহযোগীদের হাত থেকে রক্ষা এবং ওয়ারিশ সূত্রে প্রাপ্ত জমির দখল বুঝে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

