গাজীপুর-৫ (কালীগঞ্জ-পূবাইল-বাড়িয়া) আসনে সাত জন প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন। প্রার্থীরা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার এটিএম কামরুল ইসলামের কার্যালয়ে মনোনয়ন ফরম দাখিল করেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সকাল হতে বেলা ৫টা মনোনয়ন ফরম দাখিল করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এ.কে.এম ফজলুল হক মিলন, বাংলাদেশ জামায়াত ইসলামীর মো. খায়রুল হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান, জনতার দলের বীর মুক্তিযোদ্ধা মো. আজম খান, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রিন্সিপাল গাজী রুহুল আমীন কাসেমী, গণফোরামের মো. কাজল ভ‚ইয়া ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. আল আমিন দেওয়ান। প্রাথীরা নির্বাচনী আচরণবিধি মেনে ও দলীয় সিনিয়র নেতৃবৃন্দকে সাথে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন ফরম দাখিল করেন।
এসময় প্রার্থীদের কর্মীদের মধ্যে বিপুল আনন্দ ও উৎসবের আমেজ বিরাজ করছিল। বিভিন্ন এলাকা থেকে আগত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ নিজ নিজ দলীয় কার্যালয়ে উপস্থিত করছিলেন। পরে সকল দলের প্রার্থীরা মনোনয়ন ফরম দাখিল শেষে সাংবাদিকদের কাছে তাদের আগামী দিনের প্রতিশ্রæতির কথা ব্যক্ত করেন।
আসনটি কালীগঞ্জ উপজেলার ১টি পৌরসভা, ৭টি ইউনিয়ন, গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ইউনিয়নের ৪০,৪১,৪২নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখা ৩ লক্ষ ৫৪ হাজার ৬৪৩ জন। কালীগঞ্জ উপজেলায় মোট ভোটার ২ লক্ষ ৫৯ হাজার ৩৪২ জন। গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল ইউনিয়নের ৪০,৪১,৪২ নং ওয়ার্ড এবং গাজীপুর সদর উপজেলার বাড়িয়া ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯৫ হাজার ৩০১ জন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

