দিনাজপুরের পার্বতীপুরে ঘন কুয়াশা ও কনকনে শীতে স্থবির হয়ে পড়েছে জনজীবন। কয়েক দিন ধরে সূর্যের আলোর দেখা মিলছে না। শীতে মানুষ কাতর হয়ে পড়েছে। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।
শীতে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে সাধারণ মানুষ। এ অবস্থায় শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন। প্রতি বছরের ন্যায় এবারও তাঁরা শীতবস্ত্র বিতরণ করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়।
উপজেলার পার্বতীপুর জামিয়া কারিমিয়া মাদ্রাসা,দফাদার মাদ্রাসা (খোলাহাটি) তুলসী পুকুর মাদ্রাসায় ও পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় শীতবস্ত্র প্রদান করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার সাদ্দাম হোসেন। এ সময় সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

