বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার (ফ্লাইট নম্বর ২০২)-এর পাইলটদের একজন ছিলেন উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের কৃতি সন্তান ক্যাপ্টেন (মেজর) আসিফ ইকবাল।
দীর্ঘ অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার জন্য পরিচিত এই বৈমানিক দেশনায়ক তারেক রহমানকে নিরাপদে প্রিয় মাতৃভূমিতে অবতরণ করানোর পর তার কাছ থেকে উষ্ণ অভিনন্দনও লাভ করেন।
বিমানের ককপিটে ক্যাপ্টেন ইমামুল ইসলাম ইমনের সহকারী পাইলট হিসেবে দায়িত্ব পালন করেন দুই অভিজ্ঞ ক্যাপ্টেন—রাশেদিন ও আসিফ ইকবাল।
ক্যাপ্টেন আসিফ ইকবাল (মেজর) কুড়িগ্রাম জেলা শহরের মোল্লাপাড়া এলাকার প্রসিদ্ধ ব্যবসায়ী মরহুম আলহাজ্ব মনসুর রহমান এবং কুড়িগ্রাম শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক খুরশিদা বেগম কাজল (কাজল আপা)-এর সন্তান।
তিনি কুড়িগ্রাম জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সাইফুর রহমান রানার ছোট ভাই, সাবেক বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ক্যাপ্টেন রেজাউর রহমান (মানিক)-এর আপন ভাগিনা এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র মো. আবু বকর সিদ্দিকের ভাগিনা।
এদিকে বিষয়টি সামনে আসতেই জেলার সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্মগুলোতে ক্যাপ্টেন আসিফ ইকবালকে নিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পোস্ট দিতে শুরু করেন জেলার মানুষজন। কুড়িগ্রামবাসীর গর্ব হিসেবে এই দক্ষ বৈমানিকের নাম এখন সর্বত্র আলোচিত হচ্ছে।
দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান এবং তাদের আদরের পোষা বিড়াল ‘জেবু’।
বুধবার (২৪ ডিসেম্বর) রাত সোয়া ১২টার দিকে (স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৬টা) লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা করে এবং বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একাধিক সূত্র গণমাধ্যমকে জানিয়েছে, তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিজ্ঞ ও সিনিয়র পাইলটদের সমন্বয়ে ফ্লাইট ক্রু গঠন করা হয়েছিল।
নিরাপদে ও সঠিক সময়ে অবতরণের পর তারেক রহমানের সকল মালামাল বুঝিয়ে দেওয়ার সময় তিনি বিমানের ক্যাপ্টেনদের ডেকে নিয়ে হ্যান্ডশেক করার পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানান।
এ বিষয়ে মুঠোফোনে ক্যাপ্টেন আসিফ ইকবাল (মেজর) বলেন,“পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ফ্লাইটে আরও বেশি সতর্কতা অবলম্বন করা হয়েছে। আমরা সবাই তারেক রহমান ও তার পরিবারের সদস্যদের সৌজন্যমূলক আচরণে খুবই খুশি ও আনন্দিত।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

