ঘন কুয়াশার মধ্যে চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত ২টার পর হাইমচর উপজেলা ও চাঁদপুরের হরিণা এলাকার মধ্যবর্তী স্থানে বরিশালগামী এমভি অ্যাডভেঞ্চার-৯ এবং ঢাকাগামী এমভি জাকির সম্রাট-৩ লঞ্চের মধ্যে এ দুর্ঘটনা ঘটে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা জানান, দুর্ঘটনার পর এখন পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এদিকে ঝালকাঠি সদর সার্কেলের অতিরিক্ত সহকারী পুলিশ সুপার বাইজিদ ইবনে আকবর বলেন, দুর্ঘটনার পর ঝালকাঠির দিকে যাচ্ছিল এমন অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি আটক করা হয়েছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, রাজধানীর সদরঘাট থেকে বরিশালের উদ্দেশে ছেড়ে যাওয়া অ্যাডভেঞ্চার-৯ এবং ভোলা থেকে ঢাকার পথে থাকা জাকির সম্রাট-৩ লঞ্চটি ঘন কুয়াশার কারণে একে অপরকে দেখতে না পেয়ে মুখোমুখি ধাক্কায় পড়ে। সংঘর্ষে জাকির সম্রাট-৩ লঞ্চের বেশ কয়েকটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।
দুর্ঘটনার পর অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বরিশালের দিকে চলে যায়। অপরদিকে ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ লঞ্চটি ঢাকার দিকে যাত্রা অব্যাহত রাখে।
চাঁদপুরে বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান জানান, গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন দেওয়ার হুমকিও দেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

