মৌলভীবাজারের কুলাউড়ায় ঘন কুয়াশার মধ্যে বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলেেে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই তরুণের মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ ডিসেম্বর) সকাল সাতটার দিকে মৌলভীবাজার-বড়লেখা আঞ্চলিক সড়কে কুলাউড়ার আছুরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী রিয়াদুল ইসলাম (২২) ও জাবেদ আহমদ নামে দুই বন্ধুর মৃত্যু হয়।
নিহত রিয়াদ জুড়ী উপজেলার ভবানীপুর গ্রামের বাসিন্দা ফল ব্যবসায়ী নুরু মিয়ার ছেলে। আর জাবেদ একই উপজেলার জাঙ্গিরাই এলাকার মৃত দিলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিয়াদ উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে তাঁর বাবার ফলের দোকান চালাতেন। জাবেদ ও ভাইয়েরা সম্প্রতি উপজেলা সদরের কামিনীগঞ্জ বাজারে একটি কাপড়ের দোকান দেন। তিনি দুই দিন আগে ৭০ হাজার টাকায় একটি পুরোনো মোটরসাইকেল কেনেন। বুধবার সকাল সাতটার দিকে জাবেদকে সঙ্গে নিয়ে ওই সাইকেলে করে তিনি কুলাউড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় ঘন কুয়াশা ছিল। আছুরিঘাট এলাকায় বিপরীত দিক থেকে আসা ফল বহনকারী পিকআপভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে রিয়াদ ও জাবেদ মারা যান। খবর পেয়ে কুলাউড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।
সন্তানের মৃত্যুর খবর পেয়ে সকালেই কুলাউড়া থানায় ছুটে যান নুরু মিয়াসহ পরিবারের অন্য সদস্যরা। বিলাপ করতে করতে নুরু মিয়া বলছিলেন, সকালে দোকান খোলার কথা বলি বাড়ি থাকি বাইর হইল ছেলেটা (রিয়াদ)। বেড়াইতে গেছে জানতাম না। মোটরসাইকেল আমার ছেলের জীবনটা নিল।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মোল্লা জানান, ঘন কুয়াশায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী মারা গেছেন। এ ঘটনায় পিকআপের চালক পলাতক রয়েছেন। লাশ দুটো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

