চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) সংসদীয় আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে সাবেক সংসদ সদস্য ও প্রবীণ রাজনীতিবিদ সরওয়ার জামাল নিজামের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন পুত্র তরুণ সমাজসেবক ও রাজনৈতিক কর্মী সাহওয়াজ জামাল নিজাম সনি।
সোমবার (২২ ডিসেম্বর) আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়।
এ সময় বিএনপির স্থানীয় ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, দলীয় সমর্থক এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনটি আনোয়ারা ও কর্ণফুলী উপজেলা নিয়ে গঠিত।
এই আসনে সরওয়ার জামাল নিজাম অতীতে তিনবার জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে শিক্ষা, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বলে স্থানীয়রা জানান। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে তিনি এবারও বিএনপির একজন শক্তিশালী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে আলোচনায় রয়েছেন।
মনোনয়ন ফরম সংগ্রহকালে সাহওয়াজ জামাল নিজাম সনি বলেন, আমার পিতা সরওয়ার জামাল নিজাম দীর্ঘদিন ধরে আনোয়ারা ও কর্ণফুলীর মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করে আসছেন। দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রত্যাশা থেকেই তাঁর পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। তিনি নির্বাচিত হলে এ অঞ্চলের সার্বিক উন্নয়নে নতুন গতি আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।
এদিকে মনোনয়ন ফরম সংগ্রহের খবরে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। তারা আশা প্রকাশ করেন, দলীয় নেতৃত্ব সরওয়ার জামাল নিজামের অভিজ্ঞতা, জনপ্রিয়তা ও সাংগঠনিক সক্ষমতা বিবেচনায় নিয়ে চট্টগ্রাম-১৩ আসনে তাঁকে ধানের শীষের মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন। একই সঙ্গে আসন্ন নির্বাচনে বিজয়ের মাধ্যমে তিনি পুনরায় সংসদে এলাকার প্রতিনিধিত্ব করবেন এমন প্রত্যাশাও ব্যক্ত করেন নেতাকর্মীরা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

