গোপালগঞ্জ-১ আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, স্থানীয় জনপ্রতিনিধিরাই সমাজের প্রকৃত সেবক এবং সমাজের প্রাণ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার জনপ্রতিনিধিদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জনপ্রতিনিধিদের দায়িত্ব মানুষের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়া। মানুষের অভাব-অনটন, সামাজিক বিরোধ ও বিভিন্ন সংকটে জনপ্রতিনিধিরাই সবচেয়ে কাছের আশ্রয়। অন্য কোনো পেশার মানুষের পক্ষে এভাবে মানুষের পাশে থাকা সম্ভব নয়।
সেলিমুজ্জামান সেলিম বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীরা ব্যাপক হয়রানির শিকার হয়েছেন। তবে ৫ আগস্টের পর কাশিয়ানী-মুকসুদপুরে বিএনপির পক্ষ থেকে কাউকে মামলা দিয়ে হয়রানি করা হয়নি। যারা অন্যায় করেছে, তারা আইনের আওতায় শাস্তি পাবে।
তিনি আরও বলেন, পারিবারিক কলহ ও সামাজিক বিরোধে যেন কোনো নিরীহ মানুষ হয়রানির শিকার না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। কোনো নিরীহ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসানো যাবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার রূপরেখার কথা উল্লেখ করে তিনি বলেন, গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা ও জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অগ্রণী ভূমিকা রেখেছে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, সাবেক কাউন্সিলর মোয়াজ্জেম হোসেন মিন্টু,
জেলা কৃষক দলের সদস্য সচিব মো. বদরুজ্জামান এজাজ, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক মাহমুদুল হাসান বাপ্পীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

