জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক ও হত্যার বিচার দাবিতে এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শেরপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, এনসিপি, জুলাই শহীদ পরিবার ও সাধারণ জনগণ।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুম্মা শেরপুর পৌর শহরের শহীদ স্কয়ারে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন শেরপুর মডেল গার্লস কলেজের সহকারী অধ্যাপক মাসুদ হাসান বাদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখ্য সমন্বয়ক ফারহান ফুয়াদ তুহিন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক রাশেদুল হাসান দেওয়ান, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক শিবলু, জেলা যুব শক্তির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহনূর রহমান সাঈমসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সকল খুনির বিচার নিশ্চিত করতে হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত করা না হলে সংশ্লিষ্টদের পদত্যাগ দাবি করা হবে এবং কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
বক্তারা আরও বলেন, এই হত্যাকাণ্ড একটি পরিকল্পিত ঘটনা। ভারতীয় আধিপত্য মোকাবিলায় হাদীর মতো আমাদেরও লড়াই চালিয়ে যেতে হবে। চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানের এক অকুতোভয় যোদ্ধা সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন। হাদী কোনো নির্দিষ্ট দল বা গোষ্ঠীর ছিলেন না—তিনি ছিলেন সর্বদলীয় ও অন্যায়ের বিরুদ্ধে সত্যের প্রতীক।
সমাবেশ থেকে প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, হাদী হত্যার বিচার নিশ্চিত করতে হবে, অন্যথায় প্রশাসনকে পদত্যাগের মুখে পড়তে হবে। তারা বলেন, “আমরা প্রতিশোধ নয়, ন্যায়বিচার চাই।”
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বক্তারা বলেন, আওয়ামী সন্ত্রাসীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এই নীরবতা চলতে থাকলে ছাত্র-জনতা আর চুপ করে বসে থাকবে না। তারা আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদ রুখে দেওয়ার আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

