জামালপুরের মেলান্দহে বেবী আক্তার (৪৫) নামে মানসিক প্রতিবন্ধী এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে কুলিয়া ইউনিয়নের দাউদপুর এলাকার একটি কলার বাগান থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত বেবী আক্তার একই ইউনিয়নের কাঙ্গালকুর্শা গ্রামের মৃত সুজাউদ্দৌলা ধলার মেয়ে।
নিহতের ভাই লিটন মিয়া জানান, সোমবার রাত থেকে তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার দুপুরে কলার বাগানে লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বেবী আক্তারের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং সে নগ্ন অবস্থায় ছিল। তিনি আরও জানান, বেবী আক্তার মানসিক প্রতিবন্ধী ছিলেন এবং কিছুদিন আগে তার ধর্ষণচেষ্টার ঘটনা ঘটেছিল, যার মামলায় একজন আসামী ইতিমধ্যেই কারাগারে আছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওবায়দুর রহমান বলেন, মৃতদেহের গলায় কালচে দাগ রয়েছে, প্রাথমিকভাবে হত্যা হওয়ার সম্ভাবনা রয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

