চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক শান্তি ও সমাজের স্বার্থে নিজের মাদকাসক্ত ছেলেকে আইনের হাতে তুলে দিয়েছেন এক পিতা। অভিযুক্ত যুবকের নাম টুটুল মিয়া (২৫)। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান তার বাবা রফিক হোসেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জীবননগর উপজেলার পেয়ারাতলা গ্রামের বাসিন্দা টুটুল মিয়া দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। নিয়মিতভাবে নিজ বাড়িতেই মাদক সেবন করে তিনি মাতলামিতে জড়িয়ে পড়তেন, যার ফলে পরিবারে নিত্যদিন অশান্তির সৃষ্টি হতো। বহুবার চেষ্টা করেও ছেলেকে মাদক থেকে ফেরাতে ব্যর্থ হন তার পরিবার।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শেষ পর্যন্ত পিতা রফিক হোসেন ছেলেকে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করেন। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টুটুল মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এ বিষয়ে রফিক হোসেন বলেন, দীর্ঘদিন ধরে ছেলের মাদকাসক্তি তাকে ও পরিবারের সবাইকে চরম ভোগান্তিতে ফেলেছিল। বারবার বোঝানো ও শাসন করেও তাকে সঠিক পথে ফেরানো সম্ভব হয়নি। পরিবারের শান্তি ও ভবিষ্যতের কথা চিন্তা করেই শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন তিনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

