চট্টগ্রামের আনোয়ারা ও কর্ণফুলী উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক আহসান হাবিব পলাশের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের বিএনপির প্রার্থী সরওয়ার জামাল নিজাম।
রবিবার (১৪ ডিসেম্বর) আনোয়ারা ও কর্ণফুলী থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় অবৈধ অস্ত্র উদ্ধার, ভূমিদস্যু, চাঁদাবাজ ও চিহ্নিত দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে পুলিশি তৎপরতা জোরদার এবং থানায় অতিরিক্ত পুলিশ মোতায়েনের বিষয়গুলো গুরুত্বসহকারে তুলে ধরা হয়।
সরওয়ার জামাল নিজাম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার হলে সাধারণ মানুষ স্বস্তি ফিরে পাবে এবং এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে। সাক্ষাৎকালে অতিরিক্ত আইজি আহসান হাবিব পলাশ বিষয়গুলো গুরুত্বসহকারে শুনে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানা গেছে। এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি হাসান বারী নুর এবং সাবেক ছাত্রনেতা ও আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য শরীফ মুহাম্মাদ কামাল।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

