বাগেরহাটে জাতীয় ইমাম সমিতির এক সংবাদ সম্মেলনের প্রতিবাদ জানিয়েছেন জেলা বিএনপির সদস্য কাজী খায়রুজ্জামান শিপন।
রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বাগেরহাট জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন খান তার বক্তব্যের খণ্ডিত অংশ তুলে ধরে একটি রাজনৈতিক দলের সুবিধা আদায়ের উদ্দেশ্যে সংবাদ সম্মেলন করেছেন বলে অভিযোগ করেন তিনি।
কাজী খায়রুজ্জামান শিপন বলেন, সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ উপস্থাপন করা হয়েছে। তিনি বাগেরহাট-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশী। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে তার বক্তব্যের খণ্ডিত অংশ উপস্থাপন করে সম্মানহানির চেষ্টা করছে।
তিনি আরও বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেছিলেন— কোনো ধর্মভিত্তিক সংগঠন যদি শিশুদের মাথায় হাত রেখে কিরা করিয়ে কোরআন শরিফ নিয়ে ফতোয়া দেয়, তাহলে তাদের আইনের আওতায় আনতে হবে। প্রয়োজনে পুলিশে সোপর্দ করার কথা তিনি বলেন। এতে ইমামদের বিরুদ্ধে কোনো মানহানিকর বক্তব্য ছিল না।
তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
উল্লেখ্য, জাতীয় ইমাম সমিতির বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মাওলানা মোঃ রুহুল আমিন খান জামায়াতে ইসলামি মনোনীত বাগেরহাট পৌরসভার মেয়র প্রার্থী। অভিযোগ রয়েছে, তিনি ইমাম সমিতির ব্যানার ব্যবহার করে একটি রাজনৈতিক দলের পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

