মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নের অংশ হিসেবে ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড অপসারণ করেছে প্রশাসন।
নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ ইসলাম উদ্দিনের নির্দেশনায় ৪৮ ঘণ্টা অতিক্রম হওয়ার পরই শ্রীমঙ্গল পৌর এলাকা থেকে সব ধরণের রাজনৈতিক প্রচারসামগ্রী অপসারণের কার্যক্রম শুরু করে শ্রীমঙ্গল পৌর কর্তৃপক্ষ।
গতকাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন ও শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম সরেজমিনে উপস্থিত থেকে এই কার্যক্রম তদারকি করেন।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইসলাম উদ্দিন জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরণের রাজনৈতিক প্রচারসামগ্রী অপসারণের কথা থাকলেও অনেক প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে তা অপসারণ করেননি। ফলে প্রশাসনের পক্ষ থেকে সরাসরি উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে প্রার্থীদের নিয়ে নির্বাচনী আচরণবিধি বিষয়ক এক সভার আয়োজন করে শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন। এসময় রাজনৈতিক দলগুলোকে নিজ নিজ ব্যানার, ফেস্টুন, তোরণ ও বিলবোর্ড নিজ দায়িত্বে অপসারণ করার জন্য অনুরোধ জানানো হয়। নির্দেশনা অমান্য করায় প্রশাসন নিজ উদ্যোগে এসব প্রচারসামগ্রী অপসারণ করেছে।
উপজেলা প্রশাসন বদ্ধপরিকর, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যভাবে আয়োজন করতে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

