মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন যশোরের শার্শা উপজেলার এক দম্পতি। কিডনি রোগে আক্রান্ত স্বামীকে বাঁচাতে নিজের একটি কিডনি দান করলেন স্ত্রী মোছাঃ ফারজানা (২৪)। এই নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের গল্প এখন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে গোটা অঞ্চলে।
বিএনপির শার্শা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও বাগআঁচড়া এলাকার বিশিষ্ট মাছ ব্যবসায়ী আলহাজ্ব কুদ্দুস আলী বিশ্বাস (৫৫) দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন। তাঁর জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে একমাত্র ভরসা ছিল কিডনি প্রতিস্থাপন। তখনই এগিয়ে আসেন তাঁর স্ত্রী ফারজানা, যিনি নিঃশর্তভাবে স্বামীর জীবনের জন্য নিজের একটি কিডনি দান করেন।
সম্প্রতি তুরস্কে সফল অস্ত্রোপচারের পর দেশে ফিরে আসেন কুদ্দুস বিশ্বাস। শুক্রবার বিকেলে তিনি হেলিকপ্টারযোগে নিজ এলাকায় ফিরে আসেন। তাঁর মালিকানাধীন বাগআঁচড়া জনতা ইকোপার্ক মাঠে হেলিকপ্টার অবতরণ করলে হাজারো মানুষ ভিড় করে প্রিয় মানুষটিকে একনজর দেখার জন্য। করতালি, ভালোবাসা আর শুভেচ্ছায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ফুলেল শুভেচ্ছা আর আবেগঘন পরিবেশে বরণ করে নেয় এলাকাবাসী।
এই মহৎ ঘটনার প্রসঙ্গে যশোর-১ (শার্শা) আসনের সাবেক সংসদ সদস্য মো. মফিকুল হাসান তৃপ্তি বলেন, “এটি শুধু একটি চিকিৎসার গল্প নয়—এ এক নিঃস্বার্থ ভালোবাসা, আত্মত্যাগ ও মানবিকতার দুর্লভ উদাহরণ। ফারজানা শুধু একজন স্ত্রী নন, তিনি একজন সাহসী নারী, যিনি ভালোবাসাকে জীবনের চেয়ে বড় করে দেখেছেন।”
ছয় মাসের দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরা কুদ্দুস বিশ্বাস এবং তাঁর স্ত্রী ফারজানার গল্প এখন এলাকার মানুষের কাছে এক অনুপ্রেরণার নাম। অনেকেই বলছেন, এই দম্পতির ভালোবাসা ও মানবতার নিদর্শন যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।
একুশে সংবাদ/য.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

