একশ দশ বছরের এক মা তাঁর নিজের ছেলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে আদালতে মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের ধারাখানা গ্রামে।
গত বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ঝালকাঠি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১১০ বছর বয়সী আমিরুল নেছা বাদী হয়ে ছেলে ইউনুস মোল্লার বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে আদালতের বিচারক রুবেল শেখ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, বৃদ্ধা আমিরুল নেছা তিন বছর আগে জমি বিক্রি করে তিন লাখ টাকা ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখেন। গত ১২ জুন চিকিৎসার জন্য টাকা চাইতে গেলে ইউনুস ক্ষিপ্ত হয়ে তাঁর মাকে মারধর করেন। একপর্যায়ে লাথি মেরে মাটিতে ফেলে দেন। এতে গুরুতর আহত হয়ে তিনি ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে আদালতে মামলা দায়ের করেন।
আদালতের বারান্দায় বসে শতবর্ষী এই মা বলেন, “জমি বিক্রি করে তিন লাখ টাকা আমার ছোট ছেলে ইউনুস মোল্লার কাছে জমা রাখি। চিকিৎসার জন্য ওই টাকা চাইতে গেলে সে আমাকে লাথি মারে। এতে আমার ডান পায়ে আঘাত পাই। এরপরও সে আমাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিল। তাই বাধ্য হয়ে আমি আদালতের দ্বারস্থ হয়েছি।”
অপরদিকে, অভিযুক্ত ইউনুস মোল্লা তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আমার মাকে মারিনি। যে মা আমাকে গর্ভে ধারণ করেছেন, তাঁকে আমি মারব কেন? আমার অন্য ভাইয়েরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।”
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুহাম্মদ সোলায়মান বলেন, “এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা যে, একজন মাকে নিজের সন্তানের বিরুদ্ধে মামলা করতে হলো। তবে আদালত অভিযোগটি আমলে নিয়ে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। আমরা আশা করছি, ন্যায়বিচার মিলবে।”
একুশে সংবাদ/ঝা.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

