ঝালকাঠির রাজাপুর উপজেলায় ফাতিমা আক্তার (১৩) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
রবিবার (১৩ এপ্রিল) সকাল আনুমানিক ৯টার দিকে উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সাংগর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাতিমা উপজেলার ৮ নম্বর ওয়ার্ডের হান্নান হাওলাদারের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, ফাতিমার বাবা ফরিদপুরে কাজে গিয়েছেন, মা ছিলেন বাজারে, আর বড় বোন স্কুলে যাওয়ার পর ঘরে কেউ না থাকায় সে একা পেয়ে ঘরের আড়ার সঙ্গে মাছ ধরার ঝাকি জালের রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
পরে তার চাচী রশেদা বেগম ঘরে ঢুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান,
“পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে প্রয়োজনীয় তদন্ত ও আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

