মেহেরপুর সদর উপজেলার গোভিপুর গ্রামে স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী মারা যান। শুক্রবার (১০ মে) ভোরে এ ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে নিজেদের মধ্যে কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী এলাহি বক্স।
স্থানীয় জানায়, প্রতিদিনের মতো ভোরে নামাজ পড়তে ওঠেন স্ত্রী সালেহা খাতুন। এসময় কোনো বিষয়ে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে কোপ মারে এলাহি বক্স। এতে সালেহা খাতুন পড়ে গিয়ে চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় সালেহা খাতুনকে ভর্তি করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।
মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এলাহি বক্সকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/জা.নি/সা.আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

