রাজধানীর হাতিরঝিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ইসরাক হোসেন জসি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মুমূর্ষু অবস্থায় পথচারীরা উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে রাত ৩টায় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান জানান, হাতিরঝিল পুলিশ প্লাজা ও বাড্ডার মাঝামাঝি এলাকার রাস্তায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান ওই যুবক। তখন স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়। মরদেহটি মর্গে রাখা হয়েছে।
এদিকে নিহতের ছোট ভাই ইফতেখার হোসেন জানান, তাদের বাসা ওয়ারীতে। পুরান ঢাকার বেচারাম দেউড়িতে তার বাবার একটি ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ওই প্রতিষ্ঠানের দেখাশোনা করতেন ইসরাক। গত রাতে নিকেতনে এক বন্ধুর বাসা থেকে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন ইসরাক। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ.কম/জ.ন.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

