রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা বাজারে অবস্থিত নিউ রানা জুয়েলার্সে ভয়ঙ্কর চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দোকান থেকে ৭০ ভরি স্বর্ণ, ৬০০ ভরি রূপা এবং নগদ চার লাখ টাকা চুরি হয়েছে।
ঘটনা ঘটেছে সোমবার (৫ জানুয়ারি) ভোরের দিকে।
দোকানের মালিক মাসুদ রানা জানান, রোববার রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাসায় যান। সোমবার সকাল ১০টায় দোকান খোলার সময় দেখেন কেচিগেট ও সাটারের তালা ভাঙা, এবং দোকান ভাঙচুর করা হয়েছে। সব সিন্দুকসহ স্বর্ণ ও রূপা চুরি হয়ে গেছে।
তিনি বলেন, দোকানে তার ৫০ ভরি ব্যক্তিগত স্বর্ণ ও ২০ ভরি বন্ধকিতে রাখা স্বর্ণ ছিল। এছাড়া ৬০০ ভরি রূপা এবং স্বর্ণ কেনার রশিদও চুরি হয়েছে। ৭০ ভরি স্বর্ণের আনুমানিক মূল্য ১ কোটি ৫৪ লাখ টাকা এবং ৬০০ ভরি রূপার মূল্য ২১ লাখ ৬০ হাজার টাকা।
তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চুরির খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ভোর ৩:২১ মিনিটে একদল চোর দোকানে প্রবেশ করে গ্লাস ভেঙে সিন্দুকসহ বের হয়। তারা কিছুক্ষণ ভিতরে অপেক্ষা করে এবং একটি পিকআপে সব চুরি করা মালামাল নিয়ে চলে যায়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

