আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে রাজধানীর বেশ কিছু এলাকায় আজ শুক্রবার (১০ অক্টোবর) গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা থেকে শুরু হয়ে রাত ১২টা পর্যন্ত মোট ১৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকার কথা জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে তিতাস গ্যাসের এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়, আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের দুই পাশসহ আশপাশের বিভিন্ন এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তি অনুযায়ী, গ্যাস সরবরাহ বন্ধ থাকবে আশুলিয়া, বাইপাইল, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুত, ডেন্ডারবর, ভাদাইল, লতিফপুর ও আশপাশের এলাকায়।
তিতাস কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে পাইপলাইন স্থানান্তরের কাজ শেষ করা হবে। একই সঙ্গে আশপাশের এলাকাগুলোতেও সাময়িকভাবে গ্যাসের চাপ কমে যেতে পারে।
প্রতিষ্ঠানটি গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং সহযোগিতা কামনা করেছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

