ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছর পার হলেও অপরাধীদের শনাক্ত ও বিচার নিশ্চিত না হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস) ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।
শুক্রবার (১৭ জুলাই) সংগঠনটির সভাপতি আলী আহসান মুহাম্মদ জুবাইর ও সাধারণ সম্পাদক মো. খাদেমুল ইসলামের স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত বছরের ১৭ জুলাই বিকেলে বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হল-সংলগ্ন পুকুর থেকে সাজিদ আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। পরে ভিসেরা প্রতিবেদনে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়। এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হলেও এক বছর পেরিয়ে গেলেও তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি।
সংগঠনটির নেতারা বলেন, ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিচারের আশ্বাস দিলেও তদন্ত ও আইনি কার্যক্রমে দীর্ঘসূত্রতা পরিলক্ষিত হচ্ছে। একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্রে একজন শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন ঝুলে থাকা ন্যায়বিচারের পরিপন্থী। বিচারহীনতার সংস্কৃতি অপরাধীদের উৎসাহিত করে এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থা ক্ষুণ্ন করে।
তারা আরও বলেন, কোনো হত্যাকাণ্ডের বিচার বিলম্বিত হওয়া নাগরিকের মৌলিক অধিকার ও মানবাধিকারের পরিপন্থী। সাজিদের পরিবার দীর্ঘদিন ধরে মানসিক যন্ত্রণা ও ন্যায়বিচারের প্রত্যাশা নিয়ে দিন কাটাচ্ছে, যা অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে এ ধরনের ঘটনা শিক্ষাঙ্গনের নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশের জন্য হুমকি।
বিবৃতিতে সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত সম্পন্ন করে অপরাধীদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের জন্য প্রয়োজনীয় আইনি ও নিরাপত্তা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানায় হিউম্যান রাইটস ডিফেন্ডারস সোসাইটি (এইচআরডিএস)।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

