ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২৬ উপলক্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ জুন) বিকেল সাড়ে ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বন্দে আলী মিঞা মুক্তমঞ্চে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির (পাস্টডিএস) উদ্যোগে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
ব্যতিক্রমধর্মী রম্য বিতর্ক প্রতিযোগিতাটি ড্রয়ের মাধ্যমে শেষ হয়েছে। ‘দল হিসেবে আমিই সেরা—শীর্ষক এ বিতর্কে মুখোমুখি হয় ব্রাজিল, আর্জেন্টিনা,জার্মানি,ফ্রান্স,পর্তুগাল ও মরক্কো।
আয়োজক সূত্রে জানা গেছে, বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি এবং ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে আনন্দঘন আয়োজনের লক্ষ্যেই এ রম্য বিতর্কের আয়োজন করা হয়। বিতর্কের প্রতিপাদ্য ছিল ‘ দল হিসেবে আমিই সেরা`।
অনুষ্ঠানে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন লামিয়া হোসেন পৌষি, রেজোয়ান এবং অর্ণব। বিতার্কিকদের ফাউলের জন্য লাল ও হলুদ কার্ড প্রদর্শন করা হয়। এছাড়াও ভিডিও এসিস্টেন্ট রেফারি হিসেবে উপস্থিত ছিলেন ফজলে রাব্বি ও হৃদয় আলম উল্লাস।
ব্রাজিল দলের পক্ষে অংশ নেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী সিদ্ধার্থ পন্ডিত, আর্জেন্টিনা দলের প্রতিনিধিত্ব করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী রেজোয়ান আহমেদ, ফ্রান্সের পক্ষে অংশ নেন ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুব্রত কুমার পাল, পর্তুগালের পক্ষে অংশ নেন ট্যূরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী তৌকির তাহমিদ, জার্মানির পক্ষে অংশ নেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী নাভিদ আল হাসান এবং মরক্কোর পক্ষে অংশ নেন গণিত বিভাগের শিক্ষার্থী তাজরিন তামান্না জবা।
তর্ক, পাল্টা তর্ক, হাস্যরস এবং ফুটবলীয় আবেগে ভরপুর এ বিতর্কে সব দল নিজেদের দলকে সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করেন। জমজমাট বিতর্কের লড়াই শেষে ফলাফল ড্র ঘোষণা করেন এবং সবাইকে শুভকামনা জানিয়ে বিতর্কের সমাপ্তি করেন।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

