জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে "ফ্যাসিস্ট" হিসেবে আখ্যায়িত করার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সংগঠনটি এই বক্তব্যকে "সত্যের অপলাপ" এবং "দায়িত্বজ্ঞানহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত" বলে অভিহিত করেছে।
রবিবার (১৭ মে) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। সংগঠনের দফতর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় জাবি ছাত্রদল গভীর উদ্বেগ প্রকাশ করছে। ছাত্রদল সবসময়ই শিক্ষার্থীদের সকল ধরণের যৌক্তিক আন্দোলনে পাশে দৃঢ়ভাবে অবস্থান করে। তবে এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করা জরুরি।
তারা ক্ষোভ প্রকাশ করে জানান, এ ঘটনাকে কেন্দ্র করে "সাধারণ শিক্ষার্থীদের" ব্যানারে পরিচালিত আন্দোলনের একপর্যায়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসানকে "ফ্যাসিস্ট" বলে আখ্যায়িত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়।

উপাচার্যের অতীত রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সম্মুখসারির একজন সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে ভূমিকা পালন করেছেন।
জাবিতে বিগত সময়ে সংঘটিত সকল অনিয়ম, নির্যাতন, দমন-পীড়ন ও স্বৈরাচারী আচরণের বিরুদ্ধে তিনি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। তাঁর রাজনৈতিক ও আদর্শিক অবস্থান, ত্যাগ এবং সংগ্রামের ইতিহাস বিশ্ববিদ্যালয় পরিবারের নিকট সুপরিচিত।
নেতৃদ্বয় আরও বলেন, সাম্প্রতিক স্পর্শকাতর ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন শুরু থেকেই অপরাধীকে শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছে। এমন পরিস্থিতিতে বিচার নিশ্চিত করার দাবির পরিবর্তে উদ্দেশ্যপ্রণোদিতভাবে উপাচার্যকে "ফ্যাসিস্ট" বলা এক ধরণের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা।
সবশেষে সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়ে ছাত্রদল জানান, একটি সংবেদনশীল অপরাধের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তি, ব্যক্তিগত আক্রমণ ও রাজনৈতিক বিদ্বেষ ছড়ানোর পরিবর্তে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।
জাবি ছাত্রদল বিশ্বাস করে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার সত্য, ন্যায়বিচার এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সবসময় ঐক্যবদ্ধ থাকবে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

