জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে রক্তদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্লাড গ্রুপ নির্ণয় কার্যক্রম পরিচালনা করেছে ‘বাঁধন’।
শুক্রবার (৩ এপ্রিল) আয়োজিত এ কার্যক্রমে হলের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখা যায়।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে রক্তের গ্রুপ সম্পর্কে সচেতনতা তৈরি এবং ভবিষ্যতে স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করাই ছিল এই ক্যাম্পের মূল উদ্দেশ্য। পাশাপাশি এটি নজরুল ইসলাম হলে ‘বাঁধন’-এর নতুন কমিটি গঠনের প্রাথমিক ধাপ হিসেবেও দেখা হচ্ছে।
এ সময় ‘বাঁধন’-এর সভাপতি মাজহারুল ইসলাম বলেন, “‘একের রক্ত, অন্যের জীবন—রক্তই হোক আত্মার বাঁধন’—এই স্লোগানকে সামনে রেখেই ‘বাঁধন’, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জোন ২০০৪ সালের ৫ জানুয়ারি থেকে যাত্রা শুরু করে। আমাদের কার্যক্রম সাধারণত হলভিত্তিক পরিচালিত হয়। বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৭টি ইউনিট ও একটি পরিবারের মাধ্যমে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং নতুন হলগুলোতে প্রাথমিকভাবে কার্যক্রম শুরু করছি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে আজকের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি এরই একটি অংশ। বিকেল ৫টা পর্যন্ত চলা এই কর্মসূচির মাধ্যমে আমরা নতুন রক্তদাতার তথ্য সংগ্রহ করছি। আশা করছি, খুব দ্রুতই এই হলে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করতে পারব।”
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের স্বাস্থ্য সম্পাদক এ এস এম মেহেদী হাসান বলেন, “আমাদের হল প্রতিষ্ঠার দেড় বছর অতিক্রম করলেও দুঃখজনকভাবে ‘বাঁধন’-এর আনুষ্ঠানিক কার্যক্রম এতদিন শুরু করা সম্ভব হয়নি। তবে আমরা বিশ্বাস করি, দেরিতে হলেও একটি ভালো উদ্যোগের সূচনা সবসময়ই আশাব্যঞ্জক। ‘বাঁধন’ মূলত মানবতার সেবায় নিবেদিত একটি সংগঠন, যার প্রধান লক্ষ্য জরুরি মুহূর্তে রক্তের চাহিদা পূরণ করা এবং মানুষের পাশে দাঁড়ানো। এই লক্ষ্যকে সামনে রেখে আজ ‘ব্লাড গ্রুপ ক্যাম্পেইন’-এর মাধ্যমে আমাদের হলে ‘বাঁধন’-এর কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।”
উল্লেখ্য, ‘বাঁধন’ দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে আসছে।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

