ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে কলেজ প্রশাসনের উদ্যোগে অনার্স প্রথম বর্ষ ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীনদের বরণ করে নিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হলেও ব্যানারে ছিল না বিশ্ববিদ্যালয়ের নাম। ব্যানারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কলেজের স্ব স্ব বিভাগে পৃথকভাবে নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সরেজমিনে দেখা গেছে, (প্রস্তাবিত) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাস প্রশাসনের উদ্যোগে নবীন বরণ আয়োজন করা হলেও ব্যানারে শুধুমাত্র ‘কবি নজরুল সরকারি কলেজ’-এর নাম উল্লেখ করা হয়। সেখানে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম উল্লেখ ছিল না।
এতে ক্ষুব্ধ হয়ে একাধিক বিভাগের শিক্ষার্থীরা নবীন বরণ অনুষ্ঠান বয়কট করেন। পরবর্তীতে কিছু বিভাগ ওই ব্যানার প্রত্যাখ্যান করে নতুন করে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম সংযুক্ত করে ব্যানার তৈরি করে অনুষ্ঠান সম্পন্ন করে। তবে কয়েকটি বিভাগ কবি নজরুল সরকারি কলেজের নামেই অনুষ্ঠান চালিয়ে যায়।
অন্যদিকে গণিত বিভাগের শিক্ষার্থীরা নবীন বরণ অনুষ্ঠান সম্পূর্ণভাবে বয়কট করে। গণিত বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষকরা এখনো তাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দিতে নারাজ।
উল্লেখ্য, রাজধানীর ঐতিহ্যবাহী সাতটি সরকারি কলেজকে একীভূত করে (প্রস্তাবিত) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হয়। ভর্তি পরীক্ষা সম্পন্ন হওয়ার পর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটে এবং কবি নজরুল সরকারি কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীদের নবীন বরণ করা হয়। যদিও বিশ্ববিদ্যালয়টির অধ্যাদেশ উপদেষ্টা পরিষদ থেকে অনুমোদন পেয়েছে, তবুও নবীন বরণ অনুষ্ঠানের ব্যানারে প্রশাসন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম অন্তর্ভুক্ত করেনি।
বাংলা বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন,“আমি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। আজ আমাদের নবীন বরণ হওয়ার কথা থাকায় কলেজে আসি। কিন্তু এসে দেখি প্রশাসন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরিচয় না দিয়ে কবি নজরুল সরকারি কলেজের পরিচয় ব্যবহার করেছে। এজন্য আমরা নবীন বরণ বয়কট করি। পরে নিজেরা ব্যানার ছাপিয়ে আবার নবীন বরণ করি।”
নাম প্রকাশে অনিচ্ছুক গণিত বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থী বলেন,“নবীন বরণ অনুষ্ঠানের ব্যানারে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নাম না থাকায় আমরা অনুষ্ঠান বয়কট করেছি। আমরা মনে করি, শিক্ষকরা এখনো আমাদেরকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হিসেবে স্বীকৃতি দিতে রাজি নন।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

