AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাংবাদিকের মানিব্যাগ পেয়ে অস্বীকার করেন ছাত্রদল নেতা, সিসিটিভি ফুটেজে প্রমাণ


Ekushey Sangbad
মাভাবিপ্রবি প্রতিনিধি
১২:০৭ পিএম, ২৮ জানুয়ারি, ২০২৬

সাংবাদিকের মানিব্যাগ পেয়ে অস্বীকার করেন ছাত্রদল নেতা, সিসিটিভি ফুটেজে প্রমাণ

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) এক ক্যাম্পাস সাংবাদিকের পড়ে যাওয়া মানিব্যাগ পাওয়ার বিষয়টি অস্বীকার করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে। পরে হলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনার সত্যতা পাওয়া গেছে।

অভিযোগের কেন্দ্রে রয়েছেন মাভাবিপ্রবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি ও রসায়ন বিভাগের শিক্ষার্থী মো. আখিল আহমেদ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, অনলাইন সংবাদমাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাস-এর মাভাবিপ্রবি প্রতিনিধি সুজন চন্দ্র দাশ গত ২৫ জানুয়ারি জননেতা আব্দুল মান্নান হলের ডাইনিংয়ে খাবার খাওয়ার সময় অসাবধানতাবশত তার মানিব্যাগ পকেট থেকে পড়ে যায়। পরে মানিব্যাগটি না পেয়ে তিনি আশপাশের শিক্ষার্থীদের কাছে খোঁজ নেন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনাস্থলে উপস্থিত ছাত্রদলের সহ-সভাপতি মো. আখিল আহমেদের কাছে মানিব্যাগটির বিষয়ে জানতে চাইলে তিনি তা পাওয়ার কথা অস্বীকার করেন।

পরবর্তীতে ২৭ জানুয়ারি হল কর্তৃপক্ষ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করলে সেখানে দেখা যায়, মো. আখিল আহমেদ মেঝে থেকে মানিব্যাগটি তুলে নিচ্ছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর সংশ্লিষ্টদের চাপের মুখে তিনি মানিব্যাগটি ফেরত দেন বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি সাগর আহমেদ ও সাধারণ সম্পাদক দিপু যৌথ বিবৃতিতে বলেন, “সামাজিক যোগাযোগমাধ্যমে সংগঠনের একজন সহ-সভাপতিকে নিয়ে প্রকাশিত কিছু আপত্তিকর তথ্য আমাদের নজরে এসেছে। ঘটনার সত্যতা প্রমাণিত হলে এর দায় সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত। সংগঠন তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় নেবে না। তবে সংগঠনের নীতি ও আদর্শ পরিপন্থী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে, তার বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে অভিযুক্ত আখিল আহমেদের সহপাঠী রসায়ন বিভাগের দশম ব্যাচের শিক্ষার্থীরা এক বিবৃতিতে বলেন, আখিল আহমেদের বিরুদ্ধে আনীত অভিযোগের সঙ্গে রসায়ন বিভাগের দশম ব্যাচ কোনোভাবেই দায়বদ্ধ নয়। তার ব্যক্তিগত কর্মকাণ্ডের দায়ভার ওই ব্যাচ গ্রহণ করবে না।

অভিযোগের বিষয়ে মো. আখিল আহমেদ বলেন, “আমি মানিব্যাগটি কুড়িয়ে পেয়েছিলাম। সঙ্গে সঙ্গে দিতে পারিনি, একদিন পরে দিয়েছি।”

উল্লেখ্য, এ ঘটনায় ক্যাম্পাসজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!