সিলেটের জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাদাপাথরে ভ্রমণকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে নতুন নির্দেশনা জারি করেছে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পর্যটকদের এখন থেকে ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করে সাদাপাথরে যেতে হবে। একই সঙ্গে কালাইরাগ হয়ে বাংলাদেশ-ভারত সীমান্তসংলগ্ন সড়ক দিয়ে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বৃহস্পতিবার (৪ জুন) কালাইরাগ এলাকায় সাইনবোর্ড টানিয়ে পর্যটকদের নির্ধারিত নৌপথ ব্যবহারের আহ্বান জানানো হয়।
সাইনবোর্ডে উল্লেখ করা হয়েছে, সাদাপাথর পর্যটন স্পটে যাতায়াতের জন্য ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট ব্যবহার করতে হবে এবং কালাইরাগ হয়ে সীমান্তঘেঁষা পথে যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ। পর্যটকদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে সাদাপাথর নৌকাঘাটের ইজারাদাররাও এ বিষয়ে সংবাদ সম্মেলন করে পর্যটকদের সতর্ক করেছেন।
ইজারাদারদের বক্তব্য অনুযায়ী, ১৪৩৩ বাংলা সনের ইজারার শর্ত মেনে ঘাটটি সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে এবং বিষয়টি উপজেলা প্রশাসনের নজরদারিতে রয়েছে। তবে সম্প্রতি অনেক পর্যটক কালাইরাগ হয়ে সীমান্তসংলগ্ন বিকল্প পথ ব্যবহার করে সাদাপাথরে প্রবেশ করছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
তাদের দাবি, ওই পথে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণে দুর্ঘটনা ও প্রাণহানির আশঙ্কা রয়েছে। পাশাপাশি মানবপাচার চক্রের কবলে পড়ার ঝুঁকিও থাকে। এ কারণে কালাইরাগের ওই পথ বাঁশের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে।
পর্যটকদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে প্রশাসন ও ইজারাদাররা সবাইকে সীমান্তঘেঁষা বা বিকল্প পথ ব্যবহার না করে নির্ধারিত ভোলাগঞ্জ ১০ নম্বর নৌকাঘাট দিয়ে সাদাপাথরে যাতায়াতের অনুরোধ জানিয়েছেন।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

