রাঙামাটির বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণের ওপর জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। বুধবার (১৫ জুলাই) এ বিষয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
রাঙামাটির বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় সাজেকে পর্যটক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) বিকেলে জেলা প্রশাসক নাজমা আশরাফীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ জুলাই জারি করা নির্দেশনা সংশোধন করে সাজেক ভ্যালিসহ বাঘাইছড়ি উপজেলার সব পর্যটনকেন্দ্র পর্যটকদের জন্য পুনরায় উন্মুক্ত করা হয়েছে।
তবে বর্ষা মৌসুমে রাঙামাটিতে ভ্রমণের সময় সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জেলা প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
সাজেক রিসোর্ট মালিক সমিতির সভাপতি সুপর্ণ দেব বর্মণ জেলা প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তা তাদের অফিসিয়াল পেজে জানানো হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই পর্যটকদের বুকিং শুরু হবে এবং বন্ধকালীন সময়ে হওয়া আর্থিক ক্ষতি ধীরে ধীরে কাটিয়ে ওঠা সম্ভব হবে।
তিনি আরও বলেন, দেশের ভ্রমণপ্রেমীদের বর্ষাকালে মেঘে মোড়া সাজেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসার আহ্বান জানাচ্ছেন।
উল্লেখ্য, গত ৭ জুলাই রাঙামাটি জেলায় টানা ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটে। পাহাড়ি ঢল এবং সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তার কথা বিবেচনা করে তখন সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
সেই সময় সাজেকে আটকা পড়া পাঁচ শতাধিক পর্যটককে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদে উদ্ধার করে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়া হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

