২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই মহারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। তাকে কার্যকরভাবে আটকে দেওয়ার লক্ষ্যেই বিশেষ কৌশল সাজিয়েছে স্পেন।
চলতি আসরে দুর্দান্ত ছন্দে থাকা মেসি এখন পর্যন্ত ৮ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ৪টি গোল করিয়েছেন। ফলে শিরোপা জয়ের লড়াইয়ে তার প্রভাব কমিয়ে আনাকে অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখছে স্প্যানিশ কোচিং স্টাফ।
ফাইনালের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে স্পেনের প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে বলেন, একজন খেলোয়াড় দিয়ে মেসিকে থামানো সম্ভব নয়। এজন্য পুরো দলকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, মেসিকে মোকাবিলায় স্পেন তিনটি কৌশলকে অগ্রাধিকার দিচ্ছে।
প্রথমত, মেসি বল পেলেই একাধিক খেলোয়াড় একযোগে তাকে চাপে রাখবে। ব্যক্তিগত মার্কিংয়ের পরিবর্তে দলগত রক্ষণে জোর দেওয়া হবে।
দ্বিতীয়ত, আর্জেন্টিনার মাঝমাঠ থেকে মেসির কাছে বল পৌঁছানোর পথ বন্ধ করার পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে মাঝমাঠে উচ্চচাপ সৃষ্টি করে পাসিং লেন সীমিত রাখার কৌশল নেওয়া হয়েছে।
তৃতীয়ত, মাঝমাঠে আধিপত্য ধরে রেখে মেসির জন্য ফাঁকা জায়গা তৈরি হতে না দেওয়ার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে আক্রমণভাগ ও মাঝমাঠের মধ্যবর্তী অঞ্চল নিয়ন্ত্রণে রেখে তাকে এককভাবে রক্ষণভাগের মুখোমুখি হওয়ার সুযোগ কমিয়ে আনার চেষ্টা করবে স্পেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, স্পেনের কোচিং স্টাফ আর্জেন্টিনার সাম্প্রতিক ম্যাচগুলো বিশ্লেষণ করে এই পরিকল্পনা তৈরি করেছে। অন্যদিকে, আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও সম্ভাব্য কৌশল সম্পর্কে সতর্ক রয়েছেন এবং মেসির ওপর চাপ কমাতে বিকল্প পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে।
ফাইনালটি বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে। শিরোপা জয়ের লক্ষ্যে দুই দলের কৌশলগত লড়াই ফুটবলপ্রেমীদের জন্য হতে পারে ম্যাচের অন্যতম আকর্ষণ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

