জামালপুরে সাবেক সরকারি আইন কর্মকর্তা (এপিপি) ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনির ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালিয়ে দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেল, পেট্রোল বোমা ও বিদেশি মদ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের পাঁচরাস্তার মোড় এলাকার মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় অবস্থিত ওই কার্যালয় থেকে এসব উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (জামালপুর সদর সার্কেল) রাকিবুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের পাঁচরাস্তার মোড় এলাকায় মনোয়ার আলী সুপার মার্কেটের দ্বিতীয় তলায় একজন আইনজীবীর ব্যক্তিগত কার্যালয়ে অভিযান চালানো হয়। এ সময় দেশীয়ভাবে তৈরি দুটি পাইপগান, ৯ মিলিমিটার পিস্তলের চারটি গুলি, শর্টগানের চারটি গুলি, ছয়টি ককটেল, দুটি পেট্রোল বোমা এবং ছয় বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
পুলিশ জানায়, বিকেলে তালা ভেঙে ওই আইনজীবীর অনুপস্থিতিতে তাঁর কার্যালয়ে প্রবেশ করা হয়। এ সময় কার্যালয়ের বিভিন্ন আসবাবপত্র তল্লাশি করে এসব আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে সেগুলো জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়। অভিযানের সময় গণমাধ্যমকর্মী ও স্থানীয় কয়েকজন ব্যবসায়ী উপস্থিত ছিলেন।
তবে এ ঘটনায় অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি বা সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
উল্লেখ্য, অ্যাডভোকেট মোহাম্মদ কামরুল হাসান মনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি আওয়ামী আইনজীবী পরিষদের প্যানেল থেকে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন। এছাড়া তিনি জামালপুর আদালতের সরকারি আইন কর্মকর্তা (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

