মেক্সিকোতে অনুষ্ঠিত ম্যাচে টানটান উত্তেজনার লড়াই শেষে টাইব্রেকারে নেদারল্যান্ডসকে ৩-২ ব্যবধানে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে মরক্কো। নির্ধারিত ৯০ মিনিটে দুই দল ১-১ গোলে সমতায় থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল জয়ের গোল করতে না পারায় ভাগ্য নির্ধারণ হয় টাইব্রেকারে।
মঙ্গলবার (৩০ জুন) মন্টেরের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দুই দলই সতর্ক ফুটবল খেললেও দ্বিতীয়ার্ধে গোলের দেখা মেলে। ৭২তম মিনিটে কোডি গাকপোর গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস। তবে অতিরিক্ত সময়ের শুরুতেই ডিওপ গোল করে মরক্কোকে সমতায় ফেরান। এরপর আর কোনো গোল না হওয়ায় ম্যাচের নিষ্পত্তি হয় টাইব্রেকারে।
টাইব্রেকারের শুরুতে নেদারল্যান্ডসের হয়ে টিউন কুপমেইনার্স সফলভাবে গোল করেন। অন্যদিকে মরক্কোর প্রথম শট নিতে এসে এল আয়নাউয়ি ব্যর্থ হন। তবে দ্বিতীয় শটে জাস্টিন ক্লাইভার্ট গোল করতে না পারায় ম্যাচে ফিরে আসে মরক্কো। সেই সুযোগ কাজে লাগিয়ে রাহিমি সফলভাবে জাল খুঁজে নেন।
তৃতীয় শটে নেদারল্যান্ডসের ভাউট ভেগহর্স্ট এবং মরক্কোর শেমসেদিন তালবি—দুজনই গোল করেন। চতুর্থ শটে কুইন্টেন টিম্বারের প্রচেষ্টা লক্ষ্যের বাইরে চলে গেলেও মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমির শটও পোস্টে লেগে ফিরে আসে।
শেষ পর্যন্ত পঞ্চম শটে নেদারল্যান্ডসের সামারভিলের নেওয়া শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এরপর মরক্কোর সাইবারি নিজের শট জালে জড়িয়ে দলের জয় নিশ্চিত করেন।
এই জয়ের মধ্য দিয়ে টাইব্রেকারের রোমাঞ্চে নেদারল্যান্ডসকে বিদায় জানিয়ে নকআউট পর্বের শেষ ষোলোতে জায়গা করে নিল মরক্কো।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

