বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন আজ রোববার (৭ জুন) মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফল সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে।
নির্বাচন শেষে নবনির্বাচিত পরিচালকদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও, সেখানে বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে না বলে জানা গেছে।
এবারের নির্বাচনে মোট ১৯২ জন ভোটারের মধ্যে ১৮৪ জন ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। জেলা ও বিভাগীয় ক্যাটাগরিতে ৭১ জন ভোটার থাকলেও ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন মাত্র ১৮ জন। তাদের ভোটে খুলনা অঞ্চল থেকে দুইজন এবং বরিশাল অঞ্চল থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন। অন্যদিকে, ঢাকাসহ দেশের পাঁচ বিভাগ থেকে সাতজন প্রার্থী ইতোমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
এছাড়া ৪১ জন ভোটার অনলাইনের মাধ্যমে ই-ভোট দেওয়ার জন্য ব্যালটপত্র সংগ্রহ করেছেন। তাদের মধ্যে জেলা-বিভাগ ক্যাটাগরির তিনজন এবং ঢাকার ক্লাব ক্যাটাগরির ৩৮ জন রয়েছেন।
নির্বাচনের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হচ্ছে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে। এখানে ১২টি পরিচালক পদের বিপরীতে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আলোচিত প্রার্থীদের মধ্যে রয়েছেন তামিম, ফাহিম সিনহা, শানিয়ান তানিম, আমজাদ হোসেন এবং মির্জা ইয়াসির আব্বাস।
আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া এই নির্বাচনকে দেশের ক্রিকেট প্রশাসনের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

