২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে সুইজারল্যান্ড। লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ৪-১ গোলে হারিয়ে গ্রুপ পর্ব থেকে পরের রাউন্ডে ওঠার পথে বড় পদক্ষেপ নিয়েছে সুইসরা।
ম্যাচের দীর্ঘ সময় গোলশূন্য থাকলেও শেষ ভাগে বদলে যায় দৃশ্যপট। ৭৪ মিনিটে প্রথম গোল করে এগিয়ে যায় সুইজারল্যান্ড। এরপর নির্ধারিত সময়ের বাকি অংশে আরও দুটি গোল করে ব্যবধান বাড়ায় দলটি।
যোগ করা সময়েও আক্রমণের ধার বজায় রাখে সুইজারল্যান্ড। শেষ মুহূর্তে দুই দলই একটি করে গোল পেলেও শেষ পর্যন্ত ৪-১ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
সুইজারল্যান্ডের হয়ে জোড়া গোল করেন ইয়োহান মানজাম্বি। এছাড়া রুবেন ভারগাস ও অধিনায়ক গ্রানিত জাকা একটি করে গোল করেন। বসনিয়ার হয়ে একমাত্র সান্ত্বনার গোলটি করেন এমিন মাহমিচ।
এই জয়ের ফলে ‘বি’ গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করেছে সুইজারল্যান্ড। ফলে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়ার সম্ভাবনা অনেকটাই উজ্জ্বল হয়েছে তাদের।
অন্যদিকে, বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে বিদায় করে মূল পর্বে জায়গা পাওয়া বসনিয়া প্রথম ম্যাচে স্বাগতিক কানাডার সঙ্গে ড্র করে ইতিবাচক সূচনা করেছিল। সুইজারল্যান্ডের বিপক্ষেও তারা দীর্ঘ সময় লড়াই চালিয়ে যায় এবং ৭৪ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখে।
তবে ম্যাচের শেষভাগে সুইজারল্যান্ডের টানা আক্রমণের সামনে আর টিকতে পারেনি বসনিয়া। শেষ পর্যন্ত ৪-১ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় পূর্ব ইউরোপের দলটিকে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

