AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপে গোল বাতিল থেকে লাল কার্ড, আসছে নতুন নিয়ম


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৮:১৬ পিএম, ১ জুন, ২০২৬

বিশ্বকাপে গোল বাতিল থেকে লাল কার্ড, আসছে নতুন নিয়ম

২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে রেফারিং ব্যবস্থায় একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ভিএআরের (VAR) ক্ষমতা বৃদ্ধি, খেলোয়াড়দের আচরণবিধিতে কড়াকড়ি এবং ম্যাচ পরিচালনায় নতুন নির্দেশনা অনুমোদন করেছে ফুটবলের আইন প্রণয়নকারী সংস্থা আইএফএবি (IFAB)।

নতুন নিয়ম অনুযায়ী, কর্নার কিক বা ফ্রি-কিক নেওয়ার ঠিক আগে আক্রমণকারী দলের কোনো খেলোয়াড় ফাউল করলে এবং সেই ঘটনার সরাসরি প্রভাবে গোল বা পেনাল্টি আদায় হলে, ভিএআর তা পর্যালোচনা করতে পারবে। প্রয়োজন হলে রেফারিকে অন-ফিল্ড রিভিউয়ের পরামর্শ দেওয়া হবে। রেফারি অপরাধ নিশ্চিত করলে গোল বা পেনাল্টি বাতিল করে সেট-পিসটি পুনরায় নেওয়ার নির্দেশ দিতে পারবেন।

ফিফা রেফারিজ কমিটির চেয়ারম্যান পিয়েরলুইজি কলিনা জানান, অতীতে এমন কিছু ঘটনায় গোল বৈধ ধরা হলেও নতুন নিয়মে সেগুলো বাতিল হতে পারে।

এছাড়া ভুল খেলোয়াড়কে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে লাল কার্ড দেওয়া হলে ভিএআর হস্তক্ষেপ করতে পারবে। গোল কিক হওয়ার কথা থাকলেও ভুলবশত কর্নার কিক দেওয়া হয়েছে কি না, তাও নির্দিষ্ট ক্ষেত্রে পর্যালোচনা করা হবে।

খেলোয়াড়দের আচরণ নিয়েও নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। হাত, বাহু বা জার্সি দিয়ে মুখ ঢেকে গোপন যোগাযোগের চেষ্টা করলে এবং সেটি অসদাচরণ হিসেবে বিবেচিত হলে রেফারি লাল কার্ড দেখাতে পারবেন। যদিও স্বাভাবিক কথোপকথনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

ফিফা আরও জানিয়েছে, চোট বা চিকিৎসার অজুহাতে ম্যাচের গতি নষ্ট করা এবং সেই সময় দলীয় কৌশলগত বৈঠক করার প্রবণতা নিরুৎসাহিত করা হবে। বিশেষ করে গোলকিপারের চিকিৎসার সময় অন্যান্য খেলোয়াড়দের কোচের সঙ্গে আলাদা বৈঠকে অংশ নেওয়ার বিষয়টি নজরদারিতে থাকবে।

উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। এবারের আসরে প্রথমবারের মতো ৪৮টি দল অংশ নেবে এবং মোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!