AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাইলেন সাকিব -মাশরাফিরা


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১৯ পিএম, ২১ মে, ২০২৬

রামিসা হত্যার দৃষ্টান্তমূলক বিচার চাইলেন সাকিব -মাশরাফিরা

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভ ও শোকের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ক্রিকেটাররা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পৃথক পোস্টে প্রতিক্রিয়া জানিয়েছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ।

মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, “রামিসার মতো কত নিষ্পাপ প্রাণ হারিয়ে গেছে, সেই হিসেব হয়তো কেউ রাখবে না। কিন্তু এই নৃশংসতার শেষ চাই। বিচারহীনতার প্রতিটি ঘটনা অপরাধীদের সাহস বাড়ায়। এই ঘৃণিত অন্যায়ের দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক। প্রতিটি শিশু বেড়ে উঠুক নির্ভয়ে, নিশ্চিন্তে, আনন্দে।”

সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন, “একটি শিশুর কান্না শুধু একটি পরিবারের শোক নয়, এটি পুরো সমাজের ব্যর্থতার প্রতিধ্বনি। যারা নিষ্পাপ শৈশবকে ধর্ষণ ও হত্যার মতো নৃশংসতায় ধ্বংস করে, তারা মানবতার শত্রু। রামিসার জন্য দ্রুততম ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

মুশফিকুর রহিম তার পোস্টে লেখেন, “আজ সকালে খবরটা শুনে স্তব্ধ হয়ে গেছি। ছোট্ট রামিসার নিরাপত্তা, ভালোবাসা আর আশ্রয় পাওয়ার কথা ছিল, এমন ভয়ানক নিষ্ঠুরতা নয়। এই নিষ্পাপ শিশুটির জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।”

বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, “আমরা এমন এক সমাজ চাই, যেখানে প্রতিটি শিশু নিরাপদে হাসতে পারবে; ভয় নয়, স্বপ্ন নিয়ে বড় হবে। দোষীদের এমন শাস্তি হোক, যা সমাজের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে।”

ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, “রামিসার মতো আর কোনো শিশুকে যেন এমন নির্মমতার শিকার হতে না হয়, সেই দায়িত্ব আমাদের সবার।”

গত মঙ্গলবার রাজধানীর মিরপুর-১১ নম্বরের একটি বাসা থেকে রামিসার খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর অভিযুক্ত সোহেল রানাকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি পেশায় রিকশা মেকানিক এবং কয়েক মাস আগে ওই বাসায় ভাড়া ওঠেন।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!