বলিউড সুপারস্টার শাহরুখ খানকে সম্প্রতি পরিবারের সঙ্গে লন্ডনে অবকাশ যাপন করতে দেখা গেছে। স্ত্রী গৌরী খান ও ৩ সন্তান—সুহানা খান, আরিয়ান খান ও আবরাম খানকে নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
এসব ছবি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক ভক্ত পরিবারের সঙ্গে শাহরুখের সময় কাটানোকে ইতিবাচকভাবে দেখেছেন। তবে অন্যদিকে, ভারতের নিট (NEET) পরীক্ষার প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে চলমান শিক্ষার্থী আন্দোলন নিয়ে অভিনেতার নীরবতা নিয়েও আলোচনা শুরু হয়েছে।ফেসবুক ব্যবহারকারী এ বিষয়ে তার কোনো প্রকাশ্য মন্তব্য না থাকায় হতাশা ও সমালোচনা প্রকাশ করেছেন।
অন্যদিকে অনেকেই শাহরুখের পক্ষেও কথা বলেছেন। তাদের দাবি, অতীতে বিভিন্ন সামাজিক ও জাতীয় ইস্যুতে মত প্রকাশের কারণে অভিনেতাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে।
তাই এখন তিনি ব্যক্তিগতভাবে নীরব থাকার সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন। আবার কেউ কেউ মনে করেন, বড় তারকাদের একটি মন্তব্যও তাদের চলচ্চিত্র, ব্যবসা এবং অসংখ্য মানুষের জীবিকায় প্রভাব ফেলতে পারে।
এদিকে, শাহরুখ খান বর্তমানে ব্যস্ত রয়েছেন বহুল প্রতীক্ষিত অ্যাকশন চলচ্চিত্র ‘কিং’-এর শুটিংয়ে। সিনেমাটিতে প্রথমবারের মতো বড় পর্দায় তার মেয়ে সুহানা খানের সঙ্গে অভিনয় করবেন তিনি।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমায় আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, আরশাদ ওয়ারসি, রাঘব জুয়াল ও জয়দীপ আহলাওয়াত। সবকিছু ঠিক থাকলে ‘কিং’ ২০২৬ সালের বড়দিনে মুক্তি পাওয়ার কথা।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

