বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নেতৃত্বে ধারাবাহিকতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই অধিনায়কদের মেয়াদ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানো হয়েছে।
শনিবার বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ওয়ানডে দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের মেয়াদ বাড়িয়ে ২০২৭ বিশ্বকাপ পর্যন্ত করা হয়েছে। অন্যদিকে টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাসের নেতৃত্বের মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৮ বিশ্বকাপ পর্যন্ত।
এর আগে এক বছরের জন্য দায়িত্ব পেয়েছিলেন মিরাজ। নেতৃত্বে ইতিবাচক পারফরম্যান্সের ধারাবাহিকতায় তার ওপর আস্থা রেখেছে বোর্ড। বিশেষ করে গত মাসে তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের সাফল্য এই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে বলে ধারণা করা হচ্ছে।
অন্যদিকে টি-টোয়েন্টি ফরম্যাটে লিটন দাসের নেতৃত্বও দীর্ঘমেয়াদে ধরে রাখতে চায় বিসিবি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে তাকে দায়িত্ব দেওয়া হলেও পরবর্তীতে সেই মেয়াদ বাড়িয়ে ২০২৮ পর্যন্ত করা হয়েছে। এই সময়ে তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাইফ হাসান।
বিসিবির এই সিদ্ধান্তে বোঝা যাচ্ছে, আসন্ন বৈশ্বিক আসরগুলো সামনে রেখে দল গঠনে স্থিতিশীলতা ও পরিকল্পনার ওপর জোর দিচ্ছে বোর্ড।
একুশে সংবাদ/যাবিদ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

