খেলোয়াড় থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সদস্য না হওয়ার জন্য ক্রীড়াবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পেশাদার খেলোয়াড়রা কোনো দল বা গোষ্ঠীর প্রতিনিধি নন, তারা দেশের প্রতিনিধি—তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমেই দেশের মর্যাদা বৃদ্ধি করতে হবে।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘শাপলা হলে’ ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় প্রতিটি সাফল্যের পেছনে প্রতিপক্ষ থাকে, আর সেই প্রতিযোগিতাই জয়কে অর্থবহ করে তোলে। পরাজয়কে ব্যর্থতা নয়, বরং জয়ের অংশ হিসেবে দেখার মানসিকতা গড়ে তুলতে খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে তিনি জানান, ক্রীড়াকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে সরকার খেলোয়াড়দের প্রথমবারের মতো বেতন কাঠামোর আওতায় এনেছে এবং ক্রীড়া ভাতা চালু করেছে। এতে খেলোয়াড়রা আর্থিক অনিশ্চয়তা ছাড়াই খেলাকে পেশা হিসেবে গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, ‘সবার জন্য ক্রীড়া’ নীতির আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীকেও খেলাধুলায় যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও জানান তিনি।
আগামী ৩০ এপ্রিল সিলেট থেকে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রম শুরু করা হবে বলেও ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ১২৯ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড প্রদান করা হয় এবং আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জনকারীদের সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে তাদের মোবাইল অ্যাকাউন্টে সোনালী ব্যাংকের মাধ্যমে এক লাখ টাকা করে ভাতা প্রদান কার্যক্রমও উদ্বোধন করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

