লেভান্তের বিপক্ষে দাপুটে জয় তুলে নিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে বার্সেলোনা। ফ্রেঙ্কি ডি ইয়াং ও ফারমিন লোপেজের গোলসহ ৩-০ ব্যবধানে জিতে রিয়াল মাদ্রিদের ওপর চাপ বাড়াল কাতালান ক্লাবটি।
মৌসুমের শুরুতে লেভান্তের বিপক্ষে শেষ মুহূর্তের গোলে জয় পেলেও এবার হ্যান্সি ফ্লিকের শিষ্যরা ম্যাচটি জিতেছে একচেটিয়া আধিপত্য দেখিয়ে। ওসাসুনার কাছে রিয়াল মাদ্রিদের হারকে কাজে লাগিয়ে এক পয়েন্ট এগিয়ে শীর্ষস্থান দখল করেছে বার্সেলোনা।
অ্যাটলেটিকো মাদ্রিদ ও জিরোনার বিপক্ষে টানা দুই পরাজয়ে কিছুটা চাপে পড়েছিল বার্সা। তবে ম্যাচের শুরুতেই সেই চাপ কাটিয়ে ওঠে দলটি। ম্যাচের চতুর্থ মিনিটেই মার্ক বার্নালের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রেঙ্কি ডি ইয়াং। ২০২৫ সালের জানুয়ারির পর এটি ছিল ডাচ মিডফিল্ডারের প্রথম গোল।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেমে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের করে নেন ফারমিন লোপেজ। ৮১ মিনিটে বক্সের বাইরে প্রায় ২৫ গজ দূর থেকে নেওয়া তার শক্তিশালী শট লেভান্তের জালে গিয়ে আশ্রয় নেয়।
এই জয়ে ২৫ ম্যাচে ২০তম জয় তুলে নিয়ে বার্সেলোনার সংগ্রহ দাঁড়িয়েছে ৬১ পয়েন্ট। এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

