ভারত-পাকিস্তান ম্যাচ ইস্যুতে আইসিসির সঙ্গে বৈঠকে বসেছিল পিসিবি। সেখানে নানা দাবি তুলেছে পাকিস্তান। তবে এবার ভারত সেই ম্যাচের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছে।
তারা জানিয়েছে, এই ক্ষেত্রে আইসিসির সিদ্ধান্তই চূড়ান্ত বলে মেনে নেবে। বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লা বলেছেন, এই বিষয়ে বোর্ডের নিজস্ব কোনো মত নেই।
সোমবার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজীব শুক্লা বলেন, ‘আমি আগেও পরিষ্কার করেছি। আইসিসি যা সিদ্ধান্ত নেবে, আমরা সেটাই মেনে নেব। এই বিষয়ে বিসিসিআইয়ের কিছু বলার নেই।’
২০২৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অচলাবস্থা শিগগিরই কাটতে পারে বলে ইঙ্গিত মিলেছে। পাকিস্তানের গণমাধ্যম জানিয়েছে, আইসিসি, পাকিস্তান ক্রিকেট বোর্ড ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মধ্যে বৈঠকের পর বড় অগ্রগতি আসতে পারে।
রোববার লাহোরে এই বৈঠক হয়। সেখানে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। আলোচনার মূল বিষয় ছিল ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে হওয়ার কথা থাকা ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের সিদ্ধান্ত।
জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা পেতে পাকিস্তান সরকারের সঙ্গে পরামর্শ করবে। এরপরই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

