ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা বাড়ছে। দেশটিতে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব তীব্র আকার ধারণ করায় কয়েকটি অংশগ্রহণকারী দেশের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। এরই মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে আপত্তি তুলেছে। তাদের অবস্থানের পর অস্ট্রেলিয়াও পরিস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করায় টুর্নামেন্ট আয়োজন নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল স্বাস্থ্যমন্ত্রী মার্ক বাটলার এক বিবৃতিতে জানিয়েছেন, নিপা ভাইরাস পরিস্থিতি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি বলেন, আপাতত অসুস্থ যাত্রীদের জন্য বিদ্যমান স্বাস্থ্যবিধিতে পরিবর্তনের প্রয়োজন দেখা না দিলেও অস্ট্রেলিয়া সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এশিয়ার বিভিন্ন বিমানবন্দরে স্বাস্থ্য পরীক্ষা জোরদার করা হলেও অস্ট্রেলিয়ার বিমানবন্দরগুলোতে এখনো নতুন কোনো বিধিনিষেধ আরোপ করা হয়নি।
আন্তর্জাতিক গণমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, নিপা ভাইরাস করোনাভাইরাসের তুলনায় বেশি প্রাণঘাতী হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, এ ভাইরাসে আক্রান্তদের মৃত্যুহার ৪০ থেকে ৭৫ শতাংশ পর্যন্ত হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভারতের ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (এনসিডিসি) স্বাস্থ্যকর্মীদের জন্য মাস্ক, গগলস ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ব্যবহারের নির্দেশনা জোরদার করেছে।
এই প্রেক্ষাপটে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া খেলোয়াড় ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক পর্যায়ে ঝুঁকি নিয়ে আলোচনা জোরালো হওয়ায় বিভিন্ন দলের মধ্যেও সতর্কতা বেড়েছে।
পাকিস্তানি কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইংল্যান্ডের আপত্তির পর ইউরোপের আরও কিছু দেশ ভারতে খেলতে অনাগ্রহ প্রকাশ করছে। এমন পরিস্থিতিতে পুরো টুর্নামেন্ট শ্রীলঙ্কায় স্থানান্তরের সম্ভাবনা নিয়েও আলোচনা শুরু হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, ২০ দল নিয়ে অনুষ্ঠিতব্য এই বিশ্বকাপের ৫৫টি ম্যাচের মধ্যে ২০টি শ্রীলঙ্কায় এবং বাকি ৩৫টি ভারতে আয়োজনের কথা রয়েছে।
তবে শেষ মুহূর্তে ভেন্যু পরিবর্তন করা আইসিসির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। কারণ এর আগে নিরাপত্তাজনিত উদ্বেগ দেখিয়ে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের আবেদন প্রত্যাখ্যান করেছিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা, যা বর্তমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

