আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বেঁধে দেওয়া সময়সীমা সত্ত্বেও ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তে এখনও অনড় রয়েছে বাংলাদেশ। এ কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে বিশ্বকাপ স্কোয়াডে থাকা ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
আসিফ নজরুল বলেন, নিরাপত্তা উদ্বেগের বিষয়টি সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বাংলাদেশের অবস্থান ইতোমধ্যে আইসিসিকে জানানো হয়েছে এবং বর্তমান পরিস্থিতিতে সেই অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।
তিনি আরও বলেন, ক্রিকেটারদের মতামত শোনা হয়েছে এবং বিষয়টি নিয়ে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা চলমান রয়েছে। দেশের স্বার্থ ও খেলোয়াড়দের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এর আগে আইসিসি বাংলাদেশকে বিশ্বকাপে অংশগ্রহণ বিষয়ে সিদ্ধান্ত জানাতে নির্দিষ্ট সময় বেঁধে দেয়। তবে নিরাপত্তাজনিত কারণে ভারতে গিয়ে ম্যাচ খেলতে অনাগ্রহ প্রকাশ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের দাবি জানায়।
একুশে সংবাদ/ এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

