গ্রুপপর্বের শেষ ম্যাচে সুইডেনের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে জাপান। এই ফলের ফলে গ্রুপের রানার্সআপ হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে এশিয়ার দলটি। শেষ ৩২-এর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।
শুক্রবার (২৬ জুন) ডালাসে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধে উভয় দলই কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি।
জাপানের নেইতো নাকামুরার বাঁকানো শট দুর্দান্ত দক্ষতায় প্রতিহত করেন সুইডিশ গোলরক্ষক ইয়াকুব ভিদেল জেততেরস্ত্রুম। অন্যদিকে, সুইডেনের আলেকসান্দার বের্নহার্দসনের দূরপাল্লার শট ঠেকিয়ে দেন জাপানের গোলরক্ষক জিওন সুজুকি।
বিরতির পর ম্যাচে আসে গোল। ৫৬তম মিনিটে রিতসু দোয়ান ও আয়াসে উয়েদার চমৎকার পাস আদান-প্রদানের পর দাইজেন মায়েদা বল জালে জড়িয়ে জাপানকে এগিয়ে দেন।
তবে সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি জাপান। মাত্র ছয় মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত বাঁকানো শটে সমতা ফেরান সুইডেনের অ্যান্টনি এলাঙ্গা।
শেষ দিকে দুই দলই জয়সূচক গোলের সুযোগ তৈরি করলেও দুই গোলরক্ষকের দৃঢ়তায় আর কোনো গোল হয়নি। ফলে ১-১ সমতায় শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ের ফলে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থান ধরে রেখে নকআউট পর্বে উঠেছে জাপান। আগামী ২৯ জুন শেষ ৩২-এর ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে তারা।
অন্যদিকে, চার পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হলেও সেরা তৃতীয় স্থানধারী দলগুলোর একটি হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করেছে সুইডেন। তবে পরবর্তী প্রতিপক্ষ জানতে তাদের অপেক্ষা করতে হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

