ইনিংসের প্রথমার্ধে চরম ধীরগতির ব্যাটিং করেও শেষ পর্যন্ত লড়াইয়ের পুঁজি দাঁড় করিয়েছে নোয়াখালী এক্সপ্রেস। আফগান ব্যাটার হাসান ইসাখিলের সেঞ্চুরির ওপর ভর করে রংপুর রাইডার্সের বিপক্ষে দলটি সংগ্রহ করেছে ১৭৩ রান।
ম্যাচের শুরুতে নোয়াখালীর ব্যাটিং ছিল নড়বড়ে। প্রথম ১০ ওভারেও দলীয় ফিফটি ছুঁতে পারেনি তারা। ১০ ওভার শেষে দুই উইকেট হারিয়ে রান ছিল মাত্র ৪৭। তবে এরপর আর কোনো উইকেট না হারিয়ে ইনিংস ঘুরে দাঁড়ায় নোয়াখালী।
শেষ পাঁচ ওভারে ব্যাট হাতে ঝড় তোলেন হাসান ইসাখিল ও অধিনায়ক হায়দার আলি। এই জুটি মিলে ওই সময়েই যোগ করেন ৭৫ রান, যা ইনিংসের চিত্র পুরোপুরি বদলে দেয়।
নোয়াখালীর ইনিংসের শুরুতে রহমত আলি ৯ রান ও জাকের আলি অনিক ৩ রান করে আউট হন। ৭.৫ ওভারে ৩৬ রানে দুই উইকেট হারানোর পর ইনিংস সামলান ইসাখিল ও হায়দার আলি। শেষ পর্যন্ত এই জুটিই অপরাজিত থেকে দলকে বড় সংগ্রহ এনে দেয়।
হাসান ইসাখিল ৭২ বল মোকাবিলা করে ৪টি চার ও ১১টি ছক্কার সাহায্যে অপরাজিত ১০৭ রান করেন। অন্যপ্রান্তে অধিনায়ক হায়দার আলি ৩২ বলে ৩টি চার ও একটি ছক্কায় করেন ৪২ রান।
এর মাধ্যমে ইসাখিল টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির পাশাপাশি বিপিএলের চলতি আসরে দ্বিতীয় সেঞ্চুরিয়ান হন। একই সঙ্গে তিনি প্রথম আফগান ব্যাটার হিসেবে বিপিএলে শতক হাঁকানোর কৃতিত্ব অর্জন করেন। এর আগে এবারের আসরের প্রথম সেঞ্চুরি করেন রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
রংপুর রাইডার্সের বোলিংয়ে একটি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও নাহিদ রানা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

