AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হচ্ছে না চট্টগ্রাম–নোয়াখালী ম্যাচ


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:৫১ পিএম, ১৫ জানুয়ারি, ২০২৬

হচ্ছে না চট্টগ্রাম–নোয়াখালী ম্যাচ

ক্রিকেটারদের চলমান বয়কট কর্মসূচির কারণে আজ বৃহস্পতিবার বিপিএলের ঢাকা পর্বের প্রথম ম্যাচ মাঠে গড়াচ্ছে না। চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের মধ্যকার এই ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনা নেই।

ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) বুধবার রাতেই বিপিএলসহ সব ধরনের ক্রিকেট কার্যক্রম বয়কটের ঘোষণা দেয়। এরপর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বিভিন্নভাবে সমঝোতার চেষ্টা করলেও তা সফল হয়নি।

সূচি অনুযায়ী আজ দুপুর ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল এবং সাড়ে ১২টায় টস হওয়ার সময় নির্ধারিত ছিল। তবে টসের নির্ধারিত সময় পার হলেও কোনো দল মাঠে উপস্থিত হয়নি। এদিকে বনানীর একটি হোটেলে দুপুর ১টায় কোয়াব সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।

নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন এবং চট্টগ্রাম রয়্যালসের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমনও ওই হোটেলে অবস্থান করছেন। ফলে দুই দলের ক্রিকেটাররাও বয়কট কর্মসূচিতে যুক্ত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। এর ফলে দিনের প্রথম ম্যাচটি স্থগিত হয়ে যায়।

এই পরিস্থিতির সূত্রপাত হয় বিসিবি পরিচালক ও অর্থ কমিটির প্রধান এম নাজমুল ইসলামের একাধিক মন্তব্যকে কেন্দ্র করে। বুধবার ক্রিকেটারদের পারিশ্রমিক ও ক্ষতিপূরণ প্রসঙ্গে তার বক্তব্যকে ক্রিকেটাররা অবমাননাকর বলে মনে করেন। তিনি বলেন, বিশ্বকাপে খেলতে না পারলে ক্ষতি হবে ক্রিকেটারদের, বোর্ডের নয়—এমন মন্তব্যও করেন।

এরপর রাতেই কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এম নাজমুল ইসলাম পদত্যাগ না করা পর্যন্ত সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের ঘোষণা দেন।

বুধবার দিবাগত রাতে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করলেও কোনো সমাধান আসেনি। বৃহস্পতিবার সকালে বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এম নাজমুল ইসলামকে শোকজ করার সিদ্ধান্তের কথা জানালেও কোয়াব তাদের এক দফা দাবিতে অনড় রয়েছে।

ফলে আপাতত বিপিএলসহ দেশের ক্রিকেট কার্যক্রম অনিশ্চয়তার মুখে পড়েছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!