এক ইনিংসে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরি হাতছাড়া, আরেক ইনিংসে মোহাম্মদ ওয়াসিমের—তবে শেষ হাসি হেসেছে রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলের সিলেট পর্বে রংপুর রাইডার্সকে ৭ উইকেটে এবং ৫ বল বাকি থাকতেই হারিয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল।
এই জয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে রাজশাহী, আর রংপুর নেমে গেছে তিন নম্বরে।
১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি রাজশাহীর। তানজিদ হাসান তামিম মাত্র ৩ রান করে ফিরলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। দ্বিতীয় উইকেটে ৫১ বলে ১০৫ রানের জুটি গড়ে তারা কার্যত ম্যাচ শেষ করে দেন।
শান্ত ৪২ বলে ৬টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৭৬ রান করে আউট হন। অন্যদিকে ওয়াসিম ৫৯ বলে অপরাজিত ৮৭ রান করেন, যেখানে ছিল ৭টি চার ও ৪টি ছক্কা।
এর আগে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সের হয়ে একাই লড়াই করেন তাওহিদ হৃদয়। সেঞ্চুরির খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত তা পূরণ করতে পারেননি তিনি।
ইনিংসের শেষ বলে শতক পূর্ণ করতে হৃদয়ের প্রয়োজন ছিল তিন রান। জিমি নিশামের ইয়র্কার বল ব্যাটে লাগলেও কোনো রান নিতে পারেননি তিনি। ফলে ৯৭ রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়তে হয় তাকে। তার এই ইনিংসের ওপর ভর করেই রংপুর তোলে ১৭৮ রানের লড়াকু সংগ্রহ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে রংপুর। রিপন মণ্ডলের বলে কাইল মেয়ার্স ৬ বলে ৮ রান করে আউট হন। অধিনায়ক লিটন দাস (১৪ বলে ১১) ও ইফতিখার আহমেদও (১৫ বলে ৮) ইনিংস বড় করতে ব্যর্থ হন।
৩ উইকেটে ৭২ রানের পর চতুর্থ উইকেটে বড় জুটি গড়েন হৃদয় ও খুশদিল শাহ। দুজনে মিলে ৫১ বলে যোগ করেন ১০৫ রান। খুশদিল ২৯ বলে ৪৪ রান করে আউট হলেও হৃদয় এগিয়ে যাচ্ছিলেন বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরির পথে।
শেষ পর্যন্ত ৫৬ বলে ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন হৃদয়, যেখানে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। তবে তার সেই লড়াকু ইনিংসও রংপুরকে হার থেকে বাঁচাতে পারেনি।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

